
নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলি আক্তার প্রিয়া
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বামীর সামনেই বিষপান করে গুরুতর অসুস্থ হয়েছেন এক নারী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও ঘটনাস্থল থেকে তাঁর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসাধীন ওই নারীর নাম মোসাঃ সিমা আক্তার (৩৮)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কৌচাকুড়ি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সৌদি আরবে অবস্থানকালে ইসলামী শরিয়ত অনুযায়ী কবির (৪৮) নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই কবির তাঁর কাছে টাকা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ। পরে প্রায় তিন বছর আগে তাঁকে জোরপূর্বক সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে স্বামী তাঁর কোনো খোঁজখবর নেননি কিংবা ভরণপোষণ দেননি বলেও অভিযোগ করেন সিমা আক্তার।
অভিযোগে আরও বলা হয়, কবির প্রায় দুই বছর আগে দেশে ফিরে এলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করে পুনরায় বিদেশে চলে যান। সর্বশেষ গত ১০ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরার পরও তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
পরিবারের দাবি, ২২ জুলাই দুপুর প্রায় ২টা ২০ মিনিটে একপর্যায়ে সিমা আক্তার বিষপান করলে তাঁর স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সিমার বোন তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে, ১৮ জুলাই, স্বামীর বিরুদ্ধে নির্যাতন, ভরণপোষণ না দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সিমা আক্তার।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত স্বামীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মিসেস চামেলী আক্তার প্রিয়া 


















