
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, আলিনগর ও আলিপুর এলাকায় দীর্ঘদিনের অস্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কার্যকরভাবে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার পর এবার স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ১৬০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক, জেলা প্রশাসক এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জঙ্গল সলিমপুর, আলিনগর ও আলিপুর এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপনের সম্ভাব্য স্থান নির্ধারণ করে সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সার্বিক জীবনযাত্রা, নিরাপত্তা ও নাগরিক সুবিধার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
*পটভূমিঃ”গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে চারজন র্যাব সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ড দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়ে ব্যাপকভাবে আলোচিত হয়।
#অভিযান ও অগ্রগতিঃ “গত ৯ মার্চ ২০২৬ তারিখে যৌথ বাহিনী ও র্যাবের সমন্বয়ে বৃহৎ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্ত্রাসীদের আস্তানা, অবৈধ অস্ত্র তৈরির কারখানা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সুসংগঠিত নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
*ফলাফল / গুরুত্ব:” জঙ্গল সলিমপুর এলাকায় কার্যকরভাবে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে—যা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ছিন্নমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
#অধিনায়কের বক্তব্যঃ
“পরিদর্শনকালে র্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং সর্বদা জনগণের পাশে থাকবে।
স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে একটি স্থিতিশীল, নিরাপদ ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।
#সতর্কবার্তাঃ “এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে জঙ্গল সলিমপুরের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিঃ”আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে এলাকায় আগের তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
পরবর্তী পরিকল্পনা / স্থায়ী উদ্যোগ:” স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলে এ উন্নয়ন আরও সুসংহত, টেকসই ও দীর্ঘস্থায়ী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদক 


















