
নিজস্ব প্রতিবেদক-জীবন দেওয়ান উজ্জ্বল:-বাংলাদেশ সচিবালয়ে আজ (২০ই এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। বৈঠকে দুই দেশের নিরাপত্তা, বিনিয়োগ এবং সৌদি আরবে অবস্থানরত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) পাসপোর্ট ইস্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দুই দেশের পারস্পরিক নিরাপত্তা স্বার্থ রক্ষায় সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন উভয় পক্ষ।
সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশী পাসপোর্ট প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ জানান।
এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান: প্রয়োজনীয় প্রমাণক সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।
মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন যেন সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই-বাছাই করে দ্রুত পাসপোর্ট প্রদানের ব্যবস্থা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনশক্তি রপ্তানির বাইরেও জ্বালানি ও পর্যটনের মতো উদীয়মান খাতে সৌদি আরবের বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি এসব নতুন ক্ষেত্রে সহযোগিতার দুয়ার উন্মোচনের ওপর জোর দেন।
রাষ্ট্রদূতের আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী জুলাই মাসের প্রথমার্ধে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সৌদি আরব সফর করতে পারেন বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবন দেওয়ান উজ্জ্বল 



























