
ইসতিয়াক আহম্মেদ ইমন,জেলা প্রতিনিধি, নওগাঁ:
ধামইরহাট, ২৫ এপ্রিল ২০২৬: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ধামইরহাট থানার এএসআই শাহ আলম। শনিবার ডিউটিতে যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল ও একটি কুকুরের মধ্যে দুর্ঘটনা ঘটে—এ সময় ঘটনাটি তার চোখে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পরপরই অনেকেই দ্বিধায় থাকলেও এএসআই শাহ আলম এক মুহূর্ত দেরি না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। নিজের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে তিনি আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। মানবিকতার উজ্জ্বল নিদর্শন হিসেবে তিনি নিজ হাতে আহত ব্যক্তির পায়ে পানি ঢেলে সেবা প্রদান করেন, যা উপস্থিত সবার নজর কাড়ে।
এ ঘটনায় অনুপ্রাণিত হয়ে এক শিক্ষার্থী বিষয়টি লিখিতভাবে পুলিশ সুপারের কাছে তুলে ধরেন এবং এএসআই শাহ আলমের প্রশংসা করেন। স্থানীয়দের মতে, এ ধরনের দায়িত্বশীল ও মানবিক আচরণ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা বহুগুণে বাড়িয়ে দেয়।
সংশ্লিষ্টরা এএসআই শাহ আলমের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সড়ক দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে শুধু পুলিশের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি মানুষকেই এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধ থেকেই দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানো উচিত—এমন সচেতনতা তৈরি করাই এখন সময়ের দাবি।
Reporter Name 



















