
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নে মাদকের বিস্তার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকায় এখন সহজেই ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে।
অভিযোগ রয়েছে, রামরামা বটতলা এলাকার নাজমুল, তালতলি বাজারের আবেদ মেম্বার, তার ছেলে ও স্ত্রী, সারু ও তার স্ত্রী, জলপাইতলার চেরু সোহেল এবং গোয়ালকান্দি বাজারের ইমরামসহ কয়েকজন ব্যক্তি মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, আবেদ মেম্বার ও তার স্ত্রী পূর্বে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর মাদক ব্যবসা আবার সক্রিয় হয়ে উঠেছে। স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের পাশাপাশি নারীদের মধ্যেও এর প্রভাব বাড়ছে।
এদিকে প্রশাসনের নজরদারি দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগও উঠেছে, যার ফলে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।
বাগমারা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে এবং প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Reporter Name 


















