
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ, নোয়াখালী:
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, নাগরিক সেবার মানোন্নয়ন ও অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। জনগণের কাছে সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হলে অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।”
তিনি আরও বলেন, সমাজে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পুলিশের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে পারে। তাই জনস্বার্থে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের সফলতা কামনা করেন। পাশাপাশি নোয়াখালীর উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের 

















