
বিশেষ প্রতিনিধি,কামরুল ইসলাম,টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে ধারণা প্রদান এবং পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পরিবেশ বিষয়ক সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন প্রতিযোগিতা, পরিবেশ চ্যাম্পিয়ন মনোনয়ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর অর্থায়নে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর কারিগরি সহায়তায় এবং এনজিও ফোরামের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামলাপুর দাখিল মাদ্রাসার সুপার আবু ছিদ্দিক, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, ইউএনডিপি ও এনজিও ফোরামের প্রতিনিধিরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিও ফোরামের টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সরওয়ার হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় নতুন প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও দায়িত্ববোধ তৈরি করে।”
বক্তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতিদিন অন্তত একটি পরিবেশবান্ধব কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক কুইজ, রচনা, চিত্রাঙ্কন ও সচেতনতামূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এছাড়া পরিবেশ সংরক্ষণে বিশেষ আগ্রহ ও অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শিক্ষার্থীকে ‘পরিবেশ চ্যাম্পিয়ন’ হিসেবে মনোনীত করা হয়।
পরে শামলাপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা একসঙ্গে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যুৎ কুমার মন্ডল। সহযোগিতা করেন মিজানুর রহমান, মোহাম্মদ ফারুক, জাহেদ উল্লাহ ও সেলিনা আক্তার।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
মোঃ কামরুল ইসলাম 



















