
নিজস্ব প্রতিবেদক:মোঃ তানভীর আহম্মেদ তামিম
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) উপজেলার নিমসার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান। তিনি তার বক্তব্যে বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; চালক, যাত্রী, পরিবহন মালিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন বাদল।
মতবিনিময় সভায় মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, যাত্রী ও চালকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, অসচেতনতা, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং ঝুঁকিপূর্ণ যান চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এসব সমস্যা মোকাবিলায় নিয়মিত তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।
এছাড়াও বক্তব্য দেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সভাপতি ইয়ার আহমেদ, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এবং নিমসার বাজার কমিটির ইজারাদার মো. সফিকুল ইসলাম ভূঁইয়া।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মহাসড়কে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে আয়োজকরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমানো, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও মতবিনিময় সভা নিয়মিতভাবে আয়োজন করা হবে। এতে করে মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ তানভীর আহম্মেদ তামিম 
















