
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা):-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যতম বিজ্ঞানভিত্তিক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস)-এর নবনির্বাচিত নেতৃত্বকে সংবর্ধনা এবং বিদায়ী কমিটিকে সম্মাননা জানাতে “Passing the Torch: Welcoming the New and Honouring the Legacy” শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্যোগ ও গবেষণামুখী কার্যক্রম তাঁকে সবসময় অনুপ্রাণিত করে। তিনি বলেন, “সিইউএসএস-এর কার্যক্রমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটে। বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞানমনস্ক সংগঠনগুলোর কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি সিইউএসএস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদায়ী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. সফিকুল ইসলাম বলেন, “বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য গবেষণা এবং বৈজ্ঞানিক চর্চার কোনো বিকল্প নেই।” তিনি সিইউএসএস-এর সদস্যদের গবেষণা, একাডেমিক ও উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করে বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রমকে উৎসাহিত করবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ও সিইউএসএস-এর উপদেষ্টা। বক্তারা বিজ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা তাঁদের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, গবেষণাভিত্তিক কর্মসূচি এবং বিজ্ঞানচর্চা সম্প্রসারণে নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন সিইউএসএস-এর বর্তমান সভাপতি।
দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক। পরে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি ভবিষ্যতেও বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখবে।
আহমদ রেজা 


























