
নিজস্ব প্রতিনিধি: মোঃ আব্দুল বাছির
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ELSRP প্রকল্প, ধর্মপাশা, সুনামগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনি রায়। সভাপতিত্ব করেন রতন চন্দ্র বর্মণ।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং অধিক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি জনি রায় একটি তাল গাছ ও একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” (Inspired by Nature. For Climate. For Our Future)।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
মোঃ আব্দুল বাছির 























