
কলামিস্ট: সাংবাদিক মোঃ সোহেল
রাজধানীর উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রতিশ্রুতিশীল সাংবাদিক—মো. রবিউল আলম রাজু ও শাকিবুল হাসান। আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচন (২০২৬–২০২৮) ঘিরে নানা পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কথা ছিল তাদের। কিন্তু এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিয়েছে তাদের সব স্বপ্ন।
এই অকাল মৃত্যু সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া ফেলেছে। পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়মিত রাজপথে চলাচলকারী সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকরা শুধু এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তই নয়, দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিশ্লেষণ ও সচেতনতার বার্তা
কলামিস্ট সাংবাদিক মো. সোহেল বলেন,
«“সংবাদকর্মীদের প্রতিনিয়ত দায়িত্ব পালনের জন্য রাজপথে ছুটে বেড়াতে হয়। কিন্তু নিজের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। রবিউল ও শাকিবুলের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিরাপত্তা ও সচেতনতাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের কলম যেমন সমাজের জন্য, তেমনি আমাদের জীবনও অমূল্য।”»
তিনি আরও বলেন,
«“এই দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করতে হবে। সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এ ধরনের মর্মান্তিক ঘটনার শিকার না হয়।”»
সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সংবাদকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা রাষ্ট্রেরও দায়িত্ব। রবিউল আলম রাজু ও শাকিবুল হাসানের অকাল প্রয়াণ সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমরা মরহুম দুই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পাশাপাশি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।
মোঃ সুহেল রানা 

























