
নিজস্ব প্রতিবেদক:-জীবন দেওয়ান উজ্জ্বল:-
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেছেন আদালত। আগামীকাল মঙ্গলবার (২ জুন) মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
সোমবার সকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এবং আদালতে হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে, গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালত আমলে নেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার মধ্য দিয়ে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।
জীবন দেওয়ান উজ্জ্বল 

















