
দীর্ঘ ২১ মাস পর শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেলেন আশরাফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: মোঃ খাদেমুল ইসলাম
দীর্ঘ প্রায় ২১ মাস প্রশাসনিক দায়িত্বের বাইরে থাকার পর অবশেষে তেতুলিয়া উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন মো. আশরাফুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত এবং জেলা প্রশাসনের অফিস আদেশের পর তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনরুদ্ধার করেছেন।
বুধবার (২৪ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে শালবাহান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় প্রশাসক ও ইউনিয়ন পরিষদের সচিব শরিফুল ইসলাম চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের কাছে পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব বুঝিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সচিব শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে চেয়ারম্যান আশরাফুল ইসলামের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয় এবং সেই প্রশাসকের মাধ্যমে ইউনিয়নের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এদিকে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চেয়ারম্যান আশরাফুল ইসলাম আদালত থেকে স্বস্তিদায়ক রায় লাভ করেন। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে পঞ্চগড় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা গত ২২ জুন একটি অফিস আদেশ জারি করে তাকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।
জারি করা আদেশ অনুযায়ী, মো. আশরাফুল ইসলাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগের অধিকার লাভ করেন এবং দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসেন।
দায়িত্ব ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ প্রায় এক বছর দশ মাস আইনি লড়াইয়ের পর আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের ভিত্তিতে জেলা প্রশাসন আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি ন্যায়বিচার পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে নৈতিক সমর্থন দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
চেয়ারম্যান আশরাফুল ইসলাম পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আজ থেকে আমি শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় প্রশাসনিক, জনসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
দীর্ঘ বিরতির পর নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শালবাহান ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, পুনরায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জনসেবার কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।
মোঃ খাদেমুল ইসলাম 




















