
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, সিপিসি-২ (কক্সবাজার) এর বিশেষ অভিযানে উখিয়া থানার একটি হত্যা মামলার দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা মামলাসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে র্যাব কঠোর অবস্থান বজায় রেখে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের আলোকে র্যাব-১৫, সিপিসি-২ জানতে পারে যে, উখিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই শেষে গত ২১ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মৌলভী ইলিয়াছ (২৮) নামে ওই আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মৌলভী ইলিয়াছের পিতার নাম আব্দুল জলিল। তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৯, ব্লক-ডি/৪ (ঘোনার পাড়া, ৪ নম্বর ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন), উখিয়া, কক্সবাজারের বাসিন্দা।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অপরাধ দমনে র্যাবের জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Reporter Name 




















