
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম:-
পঞ্চগড়ের দেবীগঞ্জে কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় গ্রেফতার হওয়া এক কলেজপড়ুয়া যুবকের পাশে মানবিকভাবে দাঁড়িয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
জানা গেছে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছিল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম (২০)।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপির এক কর্মী সাইবার নিরাপত্তা আইনে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্ত নিশাদ একজন কলেজ শিক্ষার্থী। তার বয়স এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিমন্ত্রী মনে করেন, হয়তো না বুঝে বা কারও প্ররোচনায় সে এমন কাজ করেছে। এরপর তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি ক্ষমাশীলতার দৃষ্টিতে দেখেন।
প্রতিমন্ত্রী নিজ উদ্যোগে অভিযুক্তের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ছেলেটি আমার সন্তানের বয়সী। ভুল হতেই পারে, তাই তাকে ক্ষমা করে দিলাম।
রোববার সকালে অভিযুক্তের বাবা আশরাফ আলী বলেন, যেহেতু মামলা হয়ে গেছে এবং গ্রেফতার হয়েছে, সেহেতু প্রতিমন্ত্রী মহোদয় আমার ছেলের জামিনের জন্য একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। ওই আইনজীবী আমার সঙ্গে যোগাযোগও করেছেন। এখন আমি আদালতের কাছে জামিনের প্রত্যাশা করছি। আশা করি, আমার ছেলের জামিন হয়ে যাবে।’
খাদেমুল ইসলাম 




















