
নিজস্ব প্রতিবেদক বাবলু বড়ুয়া চট্টগ্রাম:-
চট্টগ্রাম: তীব্র গরমে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের স্বস্তি দিতে পানি বিতরণ কর্মসূচি পালন করেছে সিটিজেনস্ ফোরাম, চট্টগ্রাম।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় নগরীর পুলিশ লাইন্স স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মো মসিউল আলম স্বপন ও সাধারণ সম্পাদক ডা. মো. আবু নাছেরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেন।
কর্মসূচিতে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও পরীক্ষা শেষে বের হওয়া শিক্ষার্থীদের মাঝে বোতলজাত পানি বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা।
সভাপতি মো মসিউল আলম স্বপন বলেন, “প্রচণ্ড গরমে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেক কষ্টে সময় পার করছেন। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা এই পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য হলো—সামান্য উদ্যোগের মাধ্যমে হলেও মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সহমর্মিতার সংস্কৃতি গড়ে তোলা।”
সাধারণ সম্পাদক ডা. মো. আবু নাছের বলেন, “এই কর্মসূচি শুধু একটি সাময়িক সহায়তা নয়, বরং একটি সচেতনতা তৈরি করার প্রয়াস। আমরা চাই, সিটিজেনস্ ফোরামের প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি নিজ নিজ এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করুক, যাতে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়।”
আয়োজকরা জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তীব্র তাপদাহে পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব করাই ছিল মূল লক্ষ্য। পাশাপাশি সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দ আরও জানান, শুধু মহানগর পর্যায়েই নয়, থানা ও ওয়ার্ড কমিটিগুলোকেও নিজ নিজ এলাকায় একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে, যাতে বৃহত্তর পরিসরে সাধারণ মানুষ উপকৃত হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নাগরিক দায়িত্ববোধ জোরদার করবে।
বাবলু বড়ুয়া 























