
জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২৪ এপ্রিল ২০২৬ ইং রাতে সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের টিঘর চকবাজার এলাকায় ‘মায়ের দোয়া’ নামের একটি ইলেকট্রিক, বিকাশ ও হার্ডওয়্যার দোকানে চুরি হয়। অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
ঘটনার পর দোকান মালিক মো. সাজিদ মিয়া সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
(২৪ এপ্রিল) পরিচালিত অভিযানে কালিকচ্ছ বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আরাফাত (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার সহযোগীর তথ্য দেন।
আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫ এপ্রিল ভোররাতে তার বসতঘরে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-নকিয়া ১১০ মডেলের ২টি মোবাইল ফোন, সিম্ফনি বিএল-৯৬ মডেলের ২টি ফোন, জিডিএল ক্লাসিক মডেলের ১টি ফোন, বৈদ্যুতিক তারের ২ বান্ডিল, ২টি গেট বাল্ব এবং ২০টি স্কচটেপ।
এছাড়া, তার দেওয়া তথ্য অনুযায়ী পলাতক অপর আসামির বাড়িতে অভিযান চালিয়ে একটি আরএফএল এ-১ ব্যান্ডের পানির মোটর উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত সরাইল উপজেলার টিঘর (পূর্বপাড়া) এলাকার শিরু মিয়ার ছেলে। তাকে ২৫ এপ্রিল ২০২৬ ইং আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জাহাঙ্গীর আলম 




















