
মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এক যুবককে একটি কক্ষে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সোহেল (২২)।
অভিযোগকারী মো. সোহেলের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এলঙ্গী গ্রামে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার কুদ্দুস নগর এলাকার হক হাউজিংয়ে (কাইয়ুমের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তিনি তাঁর বাবার গার্মেন্টস কারখানার শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার জন্য বাবার কাছ থেকে নেওয়া ৭৫ হাজার টাকা এবং তাঁর বড় ভাই মো. রাসেলের নামে নিবন্ধিত একটি TVS RTR 4V মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিরাজগঞ্জ ল-১২-০৮৬১) নিয়ে বের হন। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
পথে কোনাবাড়ীর বাগানবাড়ী চার রাস্তার মোড়ে পৌঁছালে পূর্বপরিচিত মো. মামুন (২৪) ও মো. রানা (২৫) তাঁকে মোটরসাইকেল থামাতে বলেন। পরে তাঁরা তাঁকে একটি চায়ের দোকানে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, মামুন প্রয়োজনের কথা বলে মোটরসাইকেলটি নিয়ে চলে যান। পরে রানা তাঁকে বাগানবাড়ী এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর মামুন এসে দুজন মিলে তাঁকে মারধর করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে নেন এবং আরও ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাঁকে ওই কক্ষে আটকে রাখেন। পরদিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিকাশে টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। পরে রাতে টাকা দেওয়ার কথা জানালে তাঁকে বাইরে আনা হয়। এ সময় বিকাশ থেকে টাকা তোলার কথা বলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাঁর সঙ্গে থাকা ৭৫ হাজার টাকা এবং তাঁর বড় ভাইয়ের মোটরসাইকেলটি নিয়ে নিয়েছেন। পরে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে তিনি কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে কোনাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 





















