
উখিয়া-টেকনাফের রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় মুখ শাহ আজম
টেকনাফ,প্রতিনিধি: থেকে নিজস্ব প্রতিবেদক
উখিয়া-টেকনাফের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অবশেষে দাড়িপাল্লা প্রতীকে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন হ্নীলার মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জনপ্রিয় ব্যক্তিত্ব শাহ আজম, যিনি সাধারণ মানুষের কাছে আজম সরকার নামেই বেশি পরিচিত।
আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সরাসরি লাইভে এসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। লাইভ বক্তব্যে শাহ আজম বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করেছি। এবার সেই কাজকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
স্থানীয় রাজনীতিতে তাঁর এই যোগদানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে উখিয়া-টেকনাফ অঞ্চলে তাঁর সামাজিক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগ তাঁকে ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তুলেছে।
দলীয় সূত্রে জানা গেছে, শাহ আজমের যুক্ত হওয়ার মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে তাঁর সমর্থকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রতিক্রিয়া।
রাজনৈতিক অঙ্গনে এই নতুন সমীকরণ আসন্ন সময়ে উখিয়া-টেকনাফের নির্বাচনী হিসাব-নিকাশে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
নিজস্ব সংবাদদাতা 





















