
মিসেস ফাহিমা খাতুন, স্টাফ রিপোর্টার
তরুণ প্রজন্ম ও সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোচের চর দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী মতবিনিময় সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দিকনির্দেশনা ও পরামর্শে সম্প্রতি এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সমাজ থেকে মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এরই ধারাবাহিকতায় প্রথম দিনের সভা অনুষ্ঠিত হয় কোচেরচর এলাকার গিয়াসউদ্দিন সরকার মাদ্রাসা প্রাঙ্গণে। সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক আকন্দ, সহ-সভাপতি বাচ্চু মিয়া, আলতাফ হোসেন, সজল, জুয়েল, মশিউর রহমান কিশোর, আজিজুল হক জিয়ন, রাকিবুল হাসান রাকিব, বদিরুল ইসলাম, রানা, সাবেক মেম্বার তারা মেম্বার, কামরুল ইসলাম রাজু, আবুল হোসেন, সোহাগ মোল্লাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরবর্তীতে হরিনারায়ণপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভা ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকে।
শুক্রবার এ কর্মসূচির অংশ হিসেবে কোচেরচর নবজাগরণ সংঘের উদ্যোগে একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা “অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন—মাদকের বিরুদ্ধে চল যাই যুদ্ধে” স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
মিসেস ফাহিমা খাতুন 





















