
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ভারত থেকে পুশইনের আশঙ্কাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নিয়মিত কড়া টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও স্থানীয়দের এই সমন্বিত উদ্যোগ সীমান্তজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সোমবার (১৫ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বিজিবির সদস্যরা সীমান্তজুড়ে কড়া নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে লাঠিসোঁটা হাতে স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের খবর প্রকাশের পর সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর মধ্যে শনিবার (১৩ জুন) রাত ৮টার পর রত্নাই সীমান্ত এলাকায় বিএসএফ আকস্মিকভাবে লাইট নিভিয়ে দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপরই সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিজেদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা স্বেচ্ছায় বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় নামেন।
রত্নাই সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, শনিবার রাতের ঘটনার পর থেকে তারা চরম উদ্বেগের মধ্যে আছেন। সীমান্ত দিয়ে যেন কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো না হয়, সেজন্য তারা সতর্ক রয়েছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও বিজিবির পাশে থেকে এভাবে পাহারা দেওয়ার কথা জানান তারা।
সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এখন নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান সাংবাদিকদের জানান, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক কঠোর নজরদারি বজায় রেখেছে।’
Reporter Name 




















