
মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলা প্রশাসন সভাকক্ষে সিসিবিভিও’র আয়োজনে এবং জার্মানভিত্তিক সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”র আওতায় আয়োজিত সভায় রক্ষাগোলা নেতৃত্ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং তহসিলদাররা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম।
সভায় সিসিবিভিও’র পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহা. আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভার সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “আমরা সবাই এ দেশের নাগরিক। প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। উপজেলা ভূমি অফিস থেকে সেবা গ্রহণে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করবেন। এছাড়া খাস পুকুরের লিজ গ্রামভিত্তিকভাবে দেওয়া যায় কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
Reporter Name 




















