
মোঃ সোহেল রানা,রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলির ধাক্কায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার বাসিন্দা খুরশেদ আলমের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়া এলাকার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার শিশু সন্তানকে নিয়ে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার সকালে তারা নিজ বাড়ি তাহেরপুরে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে সাদিকুল ইসলাম গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রলিটি আটক করে এবং চালককে গণপিটুনি দেয়। এতে চালকও আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশু সাদিকুল ইসলামের আকস্মিক এই দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীও শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মোঃ সুহেল রানা 






















