
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৫৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি। একই সঙ্গে মাদক সেবনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নে মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার বিশেষ টিম যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং নারী মাদক ব্যবসায়ী সেতু (২৮), তারা বেগম (৫০), আজাদুল (৪২)সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেফতার করায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
এছাড়া মাদক সেবনের অপরাধে তিনজন ব্যক্তিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিনে মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামে মাদক ব্যবসায়ী দিপু পাহানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়। এ সময় দিপু পাহান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে নওগাঁর পোরশা সীমান্তে পৃথক এক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজিবর রহমান (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবির সদস্যরা। আটক মজিবর রহমান উপজেলার ছাওড় ইউনিয়নের মহাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেলে নিতপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকার কপালির মোড় থেকে তাকে আটক করা হয়। ১৬ বিজিবির টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তার কাছ থেকে ১৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পোরশা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূল ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।হেডলাইন:
নওগাঁয় পৃথক অভিযানে ৫৬০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিবেদনে মোঃ মমীন আলী
মহাদেবপুর ও পোরশায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার, আটক
মোঃ মমিন আলী 


















