
মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট–কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মুন্সী (৩৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে কবিরাজপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে রওনা দেন শামীম মুন্সী। পথে তাঁতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, সড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক যানবাহন চালানোর কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 



















