
নিজস্ব প্রতিবেদক:-জীবন দেওয়ান উজ্জ্বল
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে ‘মেইড ইন পাকিস্তান’ খোদাইকৃত একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্রটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) র্যাব-৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার আশুলিয়া থানাধীন শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ করে রাখা হয়েছে।
সংবাদের সত্যতা যাচাই করতে র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের একটি টয়লেটের মেঝেতে কয়েকটি ইট সরিয়ে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড .২২ বোরের গুলি পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে ইংরেজিতে “Made in Pakistan” লেখা খোদাই করা রয়েছে। তবে অস্ত্রটির প্রকৃত মালিকানা, কীভাবে এটি সেখানে রাখা হয়েছে কিংবা এর সঙ্গে কোনো অপরাধী চক্র জড়িত কিনা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস, ব্যবহারকারী এবং কারা এটি সেখানে রেখে গেছে তা শনাক্তে তদন্ত ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে এর পেছনের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
জীবন দেওয়ান উজ্জ্বল 



















