
মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি :
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গর্বের নতুন অধ্যায় রচিত হলো শুটিংবল খেলায়। প্রথমবারের মতো শুটিংবলের ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়া সেই দলে সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী শেখ নাজমুস সাকিব সিয়াম। তার এই অর্জনে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়সহ তার জেলা নড়াইলে।
আন্তর্জাতিক শুটিংবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সিয়াম। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের ফল হিসেবেই তিনি জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছেন।
নড়াইল জেলার একজন উদীয়মান শুটিংবল খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন সিয়াম। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে তার নৈপুণ্যময় পারফরম্যান্স ক্রীড়া সংগঠকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে আক্রমণভাগে তার দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দলকে বাড়তি শক্তি জোগাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাফল্যে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, শুটিংবল সংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, সিয়ামের এই আন্তর্জাতিক অংশগ্রহণ যবিপ্রবি ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
ওয়ার্ল্ড কাপে দেশের হয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের শুটিংবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবেন—এমন প্রত্যাশাই করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সিয়াম বলেন, “সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা। তিনি চেয়েছেন বলেই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। চেষ্টা করবো দেশের জন্য ভালো কিছু উপহার দিতে। আমার জন্য আপনারা দোয়া করবেন।”
সিয়ামের মা বলেন,“সিয়ামের এই সাফল্যে আমরা খুব আনন্দিত। আমরা সব সময় তার পাশে আছি। সবাই দোয়া করবেন, যেন সে দেশের জন্য ভালো কিছু করতে পারে।”
সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের শুটিংবল ওয়ার্ল্ড কাপ। এ উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ শুটিংবল দলের দেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
Reporter Name 















