
এইচ এম রাহুল ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বৃদ্ধি ও কৃষিকাজকে আরও সহজতর করার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ১৭টি ইউনিয়নের প্রকৃত উপকারভোগী কৃষকদের মাঝে মোট ৯০টি ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম মো. আবু বকর।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং সময় সাশ্রয়ের লক্ষ্যে সরকার ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে জারি করা নির্দেশনার আলোকে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে সরকারি ক্রয়বিধি অনুসরণ করে এসব কৃষি উপকরণ সংগ্রহ ও বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে বাস্তবায়িত এ উদ্যোগকে সংশ্লিষ্টরা সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
Reporter Name 


















