
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের সমিতিপাড়ার আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেম প্রকাশ মইগ্যা হাসেম (৪৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার লাবনী বীচ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় সেলুন কর্মী কিশোর সুকান্ত (১৫) প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পলাতক আসামিকে ধরতে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসেম প্রকাশ মইগ্যা হাসেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার মৃত নুর আহমদের ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন, পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 

























