
কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল র্যাবের জালে
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১৫, কক্সবাজার ও র্যাব-০৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গত ৭ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র্যাব-১৫ ও র্যাব-০৭ যৌথভাবে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি রবিউল হাসান ফেনী জেলার মহিপাল এলাকায় আত্মগোপন করে আছে।
এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল হাসান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার নজির আহমদ (নজিরা)-এর ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কক্সবাজার থেকে পালিয়ে ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করেছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 





















