
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় ধারালো হাসুয়া দেখিয়ে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুলতানা রাজিয়া, পিতা মৃত আজিজুর রহমান, গ্রাম পাহাড়পুর, থানা ও জেলা নওগাঁ। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ও তার মা শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ির মূল ফটকে তালা লাগানোর সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আব্দুল আলীম (৫০), পিতা মৃত লহির উদ্দিন, সাং-পাহাড়পুর (প্রামাণিকপাড়া), ধারালো হাসুয়া প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে তাদের কাছ থেকে টাকাসহ ব্যাগ এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হাসুয়া উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ছিনতাইকারীকে গ্রেফতারে সদর থানার একটি বিশেষ টিম মাঠে নামে। অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আব্দুল আলীমকে ব্যবহৃত ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















