
সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। এর আগে সরকারি সমন্বিত ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন এবং মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদারীপুরে যেসব এলাকায় গাছের স্বল্পতা রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা বন ও প্রকৃতি বিষয়ক একটি তথ্যচিত্র উপভোগ করেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়। এরপর অতিথিরা প্রতীকীভাবে বৃক্ষরোপণে অংশ নেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শনী ঘুরে দেখেন। সপ্তাহব্যাপী চলা এ আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও নার্সারিগুলো ফলজ, বনজ এবং ঔষধি গাছের বিভিন্ন জাতের চারা নিয়ে অংশ নিয়েছে, যেখানে আগত দর্শনার্থীরা এসব চারা সম্পর্কে তথ্য জানার পাশাপাশি সংগ্রহের সুযোগও পাচ্ছেন।
সাব্বির আহমেদ 

















