
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর কোপালির মোড়ে বোরো চাষীদের জন্য ডিজেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এ কার্যক্রম চলতি বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রমকে সহজ, নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের উদ্যোগে চালু হওয়া এ কার্যক্রম তার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে, যাতে কৃষকরা কোনো ধরনের জ্বালানি সংকটে না পড়েন এবং সময়মতো সেচ কার্যক্রম পরিচালনা করতে পারেন।
ডিজেল সরবরাহ কার্যক্রমটি পরিচালনা করছে স্থানীয় প্রতিষ্ঠান মোঃ মুনিরুল ট্রেডার্স। নির্ধারিত স্থানে সহজলভ্যভাবে কৃষকদের কাছে ডিজেল পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা কৃষকদের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে কার্যক্রম তদারকি করা হয়। উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, নিতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, পোরশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা বলেন, বোরো মৌসুমে সেচ কার্যক্রম সচল রাখতে জ্বালানির সহজ প্রাপ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের ফলে কৃষকদের ভোগান্তি কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় কৃষকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো ডিজেল পাওয়ায় তাদের সেচ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে, যা ভালো ফলনের আশাবাদ তৈরি করছে।
উল্লেখ্য, জেলা প্রশাসন, নওগাঁ কর্তৃক উদ্ভাবিত “ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ”-এর মাধ্যমে কৃষকদের মাঝে ডিজেল বিতরণ করা হচ্ছে। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ফলে ডিজেল সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এবং প্রকৃত কৃষকরা সহজেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন।
মোঃ মমিন আলী 





















