
কুরআন ও হাদীসের আলোকে জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরী
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযুদ্ধা
বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদীর জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদী হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, এটি কোনো নির্বাচন নয়, বরং জামায়াতের বিরুদ্ধে একটি অবস্থান বা ‘জিহাদ’। তার মতে, মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং কোনোভাবেই তা জায়েজ হতে পারে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরিফ খতম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়ে বলেন, হেফাজত শুধু তাকে ভোট দিচ্ছে না, বরং তার মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতকে কঠোরভাবে ভোট থেকে বঞ্চিত করা না গেলে তারা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবে।
অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ বিভিন্ন আলেম-ওলামা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
নিজস্ব সংবাদদাতা 


















