
মাদারীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার, গ্রেফতার ৪
মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল মদ উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদর উপজেলার থানতলী বাজার এলাকায় মো. সালাম সরদারের কাঁচামালের দোকানের সামনে অভিযান চালিয়ে থানতলী এলাকার মো. জাহিদুল সরদার (৩০)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি থানতলী এলাকার মো. সালাম সরদারের ছেলে। এর আগে তার ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাত ৮টা ৩০ মিনিটে পৌর কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়ক এবং রাত ৯টা ৫০ মিনিটে বাদামতলা জনতা ক্লাব এলাকায় পলাতক সজল সরকারের বাড়িতে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানে হামিদ আকন্দ সড়কের সমীর সরকারের ছেলে নয়ন সরকার (৩৭), মোস্তফাপুর চতুরপাড়া এলাকার খোকন দাসের ছেলে চিরঞ্জিত দাস (৩৩) এবং সংঘাতে জড়িত ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চার বোতল বিদেশি মদ (রয়্যাল গ্রিন ও রয়্যাল স্ট্যাগ হুইস্কি) এবং সাত বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক মূল্য প্রায় ৬৯ হাজার টাকা।
মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক কারবারি, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে। :::
মোঃ আলী শেখ 






















