
নিজস্ব প্রতিনিধি,মো.রাসেল সরকার ঢাকা
২২ জুলাই ২০২৬
রাজনৈতিক সহিংসতা,গুম,খুন,নির্যাতন ও বৈষম্যের শিকার পরিবারগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির দাবি,বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকালে গড়ে ওঠা এই উদ্যোগ বর্তমানে চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, দুর্যোগ সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সেবা দিয়ে আসছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঋতুপর্ণা চাকমার পরিবারের জন্য গৃহ নির্মাণে আর্থিক সহায়তা, তার মায়ের চিকিৎসা, সেন্টমার্টিনের জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা, বিভিন্ন দুর্ঘটনা ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা, উদ্ভাবক ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, ২০২৪ সালের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও এর মানবিক কার্যক্রম আরও আগে থেকে চলছিল। আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটি বর্তমানে দেশের ৪০টিরও বেশি জেলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের তথ্যমতে, রাজনৈতিক সহিংসতায় নিহত ও আহতদের পরিবার, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজন, অসহায় রোগী, শিক্ষার্থী এবং দরিদ্র পরিবারের জন্য নিয়মিত আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয়, শিক্ষাবৃত্তি, ঘর নির্মাণ, অটোরিকশা প্রদান ও পুনর্বাসনের মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি শতাধিক শহীদ পরিবার ও আহত ব্যক্তির পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ এবং প্রায় ১৮০ শিশুর জন্য নিয়মিত শিক্ষা সহায়তা ও মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠনটির দাবি।
ফেনী ও নোয়াখালীর বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও শিশুখাদ্য বিতরণ, ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ ও হুইলচেয়ার বিতরণও সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দলের পক্ষ থেকে আহত নেতাকর্মী, নিহতদের পরিবার, অসহায় মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন সংকটে থাকা মানুষের জন্য যে সহযোগিতা করা হয়, তার বড় অংশ ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে বাস্তবায়িত হয়।
আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, বন্যাদুর্গত পরিবার, খেলোয়াড়, কৃষক ও চিকিৎসাসংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যদিকে, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, দেশের অসহায় মানুষের কল্যাণে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
মোঃ রাসেল সরকার 




















