
মাসুদ রানা,স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সোনাইমুড়ির বহুল আলোচিত ফয়েজ আহমেদ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। যৌথ অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ওসমান (২৩) নামে ওই আসামিকে আটক করা হয়।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী এবং র্যাব-২,সিপিসি-২, মোহাম্মদপুর,ঢাকার একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার হাজারীবাগ থানাধীন ৫৬/১ গজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওসমান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উত্তর শাকতলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি সোনাইমুড়ি থানার হত্যা মামলার (মামলা নং-১৪, তারিখ: ১২ জুন ২০২৬) এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
র্যাবের প্রাথমিক তথ্যমতে, নিহত ফয়েজ আহমেদের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ রয়েছে, গত ১১ জুন রাতে ফয়েজ আহমেদ ও তার সঙ্গে থাকা কয়েকজনকে মাদক সেবনের অপবাদ দিয়ে একদল ব্যক্তি লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। পরে তাদের অন্য স্থানে নিয়ে আবারও হামলা চালানো হয়। এতে গুরুতর আহত ফয়েজ আহমেদকে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহতের ছেলে রেজাউল করিম বাদশা বাদী হয়ে সোনাইমুড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছিল।
র্যাব জানায়, গ্রেপ্তার ওসমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, হত্যা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মাসুদ রানা 




















